পবিত্র কোরআনে হাফেজ জমজ দুই ভাই হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলাম। একসাথেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ করেছেন ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে।
এবার জমজ দুই ভাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট এবং চুয়েটে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পরিক্ষায় উত্তীর্ন হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হাফেজ মোঃ আজহারুল ইসলাম।
চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন। তারপরের জন চট্টগ্রাম থেকে এমবিএ করছেন।
সফল এই শিক্ষার্থীরা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে বাসিন্দা। তাঁরা উপজেলার ইউনিয়নের হাফেজ বাড়ির হাফেজ মোঃ আবুল কাশেমের সন্তান।
বাবা হাফেজ আবুল কাশেম জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।
সন্তানদের এমন সাফল্যে খুশি হয়ে তিনি জানান, তাঁর চমজ দুই সন্তান ঢাকার যাত্রাবাড়ী একটি মাদ্রাসা থেকে হেফজ্ শেষ করেন। পরে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে সাফল্যের সাথে এইচএসসি পাস করেন। তারপরেই তারা দুজনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়ার পর একজন বুয়েটে একজন চুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
সন্তানদের সফলতা কামনায় নিজ সন্তানদের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বাবা হাফেজ মোহাম্মদ আবুল কাশেম।