POPULAR BD NEWS
Popular BD News Logo

‘আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে’ বলা সেই নেতা গ্রেফতার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১২, ২০২৫ | সময়: ৮:০৫ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে ‘আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে’ বলা সেই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম।

আটক ওই নেতার নাম শাওন কাবী রিজা। তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৬নং রুপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এর আগে, নুরে আলম নামে এক ব্যক্তি প্রাইভেটকারযোগে রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার পথে বর্ডার নামক স্থানে প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলে দুজন পড়ে আহত হয়। এতে সামনের প্রাইভেটকারের কোনো দোষ ছিল না। প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের অভিযোগের ভিক্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাওন কাবী রিজা তাদের সঙ্গেও খারাপ আচরণ করে।

এসময় পুলিশ তাকে থানায় যেতে বললে শাওন কাবী রিজা বলেন, ‘আমি যাব না, আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে। আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট। আমি মনজিল ভাইয়ের শ্যালক।’ এসময় ফরিদগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র দাশের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি।শাওন কাবী রিজা যেই মনজিল ভাইয়ের শ্যালক বলে পরিচয় দিয়েছেন, তিনি সাবেক ফরিদগঞ্জ পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।

ভুক্তভোগী নুরে আলম বলেন, আমরা চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের রায়পুর থেকে ফরিদগঞ্জে আমার বোনের বাড়ি যাচ্ছিলাম। আমাদের গাড়ির সামনে থাকা লড়িকে ওভারটেক করার চেষ্টা করলে সামনে থেকে আরও একটি গাড়ি আসার কারণে আমাদের গাড়ি সামনে যেতে পারেনি। এসময় তাদের মোটরসাইকেল আমাদের গাড়ির পেছনে ছিল। তারা ওখান থেকে গৃদকালিন্দিয়ার জোড়কবরস্তান নামক স্থানে আমাদের গাড়ির সামনে অবরোধ করে। গাড়ি থেকে নামিয়ে তারা আমাদের গালাগাল ও মারধর করে। আমরা থানা পুলিশকে বিষয়টি জানাই। এখানে এসে তাদেরও হেনস্থার শিকার হতে হয়েছে।

এ ঘটনার পর ছাত্রদলের ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, রাতেই তাকে আমরা আটক করেছি। পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন