মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মিজানুর রহমান মোল্ল্যা স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুর সময় স্ত্রী, দুই ছেলে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বাদ জোহর উপজেলার সটাকী গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড় সন্তান মো. সৌরভ জানান, আমার বাবা গত সোমবার রাতে স্ট্রোক করলে তাৎক্ষণিক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমার বাবাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১:৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজি জানান, আমরা মতলব উত্তরে জাতীয় পার্টির একজন অভিভাবক হারালাম। তিনি সব সময় জাতীয় পার্টি কে সু-সংগঠিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুর বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে।
মিজানুর রহমান মোল্ল্যার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গসংগঠন।
উল্লেখ্য মো. মিজানুর রহমান মোল্ল্যা দীর্ঘদিন ধরে উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এবং সটাকী বাজার সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন।