ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড, প্রশাসন ও আইনগত সক্রিয়তা জোড়ালো করার দাবিতে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ বাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ মধ্য বাজার থেকে বের হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বড় মসজিদ মাঠে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা সারাদেশে ঘটে যাওয়া জানা-অজানা সব ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওই সময় তারা ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড, প্রশাসন ও আইনগত সক্রিয়তা জোড়ালো করার দাবি জানান।
অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমরা বিচার চাই’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে ওই সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।