POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ | সময়: ৫:২৮ অপরাহ্ণ
চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ মেঝেতে ও স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের ১০ নং ওয়ার্ড পালপাড়া দারুস সালাত মসজিদ সংলগ্ন শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন – ঢাকা যাত্রাবাহী এলাকার জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আবু তাহেরের মেয়ে।
তারা শাহজাহান পাটওয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় ৫-৬ মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী শিউলির পরিচালিত ইউনিভশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি রয়েছে। একত্রে তারা দুজন কাজ করতেন।
ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী জানান, সবুজ আহমেদ ও শিউলী আক্তার ৫-৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলী আক্তার মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত শিউলী আক্তারের মা খুরশিদা জানান, সবুজ আমার মেয়ের ২য় স্বামী। সকাল থেকে শিউলীর মোবাইল ফোনে একাধিকবার কল করি। কিন্তু সে কল রিসিভ না করা তার বাসায় এসে দেখি ভেতর দিয়ে দরজা বন্ধ। পরে বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়। রাফসান ও রাফি নামের শিউলীর আগের ঘরের দুটি সন্তান রয়েছে।
ছেলে রাফসান ও রাফি জানান, আমরা মায়ের সাথে থাকতাম না। আমরা শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকি। মা সে ভাড়ার টাকা দিতো।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামী স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। স্বামী সবুজ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী শিউলী ঘরের মেঝেতে পড়ে ছিল। তবে সবুজের স্ত্রী শিউলীর গলায় কালো চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন