POPULAR BD NEWS
Popular BD News Logo

জিয়ারত করতে গিয়ে দেখেন কবরে নেই দাদী-নাতির দেহাবশেষ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ | সময়: ৪:৫৩ অপরাহ্ণ

কুষ্টিয়ার কুমারখালীতে কবর থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কাল দুটি চুরি করে নিয়ে গেছে।

যাদের কঙ্কাল চুরি হয়েছে তারা হলেন- চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ছারা খাতুন (৮৫) ও তার নাতি রাতুল (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তার স্ত্রী ছারা খাতুন। তার মৃত্যুর মাসখানেক পর মারা যায় তার নাতি রাতুল। সে মনির উজ জামানের ছেলে। রাতুল  শারীরিক প্রতিবন্ধী ছিল। তাদের দুজনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়।

মঙ্গলবার ফজরের নামাজ শেষে ছারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস কবর জিয়ারত করতে এসে দেখেন তার মা ও ভাতিজার কবরের মাঝখানে গর্ত করা। ভেতরে দেহাবশেষ নেই। এমন খবরে ওই কবরস্থানে উৎসুক জনতা ভিড় করেন। দেখতে পান পাশের ভুট্টাক্ষেতে পড়ে আছে দুটি হাড়ের টুকরো ও একটি ট্রাউজার। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রইসুল বিশ্বাস বলেন, ফজরের নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করে এসে দেখি মা ও ভাতিজার কবর খুঁড়া। ভেতরে কিছুই নেই। তাদের কঙ্কাল চুরি হয়েছে। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে তদন্ত করছে। এই চুরির সঙ্গে যারা জড়িত তাদের কঠোর বিচার চাই।

মোতাহার উজ জামান নামের এক স্থানীয় বলেন, কবরস্থান থেকে দুইটি মরদেহের কঙ্কাল চুরির ঘটনা আমাদের এলাকায় এই প্রথম। এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে ভয়ে আছে এই কবরস্থানে দাফন হওয়া অন্য লাশের স্বজনরাও। কবরস্থান এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তিনি।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, কঙ্কাল চুরির সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়াও ঘটনাস্থল থেকে দুই টুকরো হাড় ও কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি। তবুও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন