হাজীগঞ্জে আমেরিকা প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার সময় হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে এ ঘটনা এ ঘটে। বিষযটি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
আমেরিকা প্রবাসীর সাথে থাকা খোরশেদ আলমের ছোট ভাই সাইফুল আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুর সদর ইউনিয়নের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও তার মা নুরজাহান বেগম আমেরিকা থেকে বাংলাদেশে আসেন মঙ্গলবার রাতে। এয়ারপোর্ট থেকে একটি মাইক্রো ভাড়া করে (নম্বর, মেট্রো -চ- ১৯-৩৪১৭) নিয়ে বাড়িতে যাওয়ার পথে হাজীগঞ্জ আসলে ডাকাত দল পিকআপ (মিনি ট্রাক) দিয়ে গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে গাড়িতে হামলা করে।
এ সময় ১০ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার ইউএস ডলার, নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জের এ স্থানে এক মাসে তিনটি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান , বিষয়টি আমরা দেখছি। প্রবাসী সন্ধ্যায় মামলা করবে বলেছেন। তদন্ত চলছে।