শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ বাজার বড় মসজিদ মাঠে থেকে মিছিল শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে হাজীগঞ্জ মধ্যে বাজারে শেষ হয়।
মিছিলে উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে হাজীগঞ্জ মধ্যে বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী শামসুদ্দিন খান নুর।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। গণঅভ্যুত্থানের পরেও ছাত্রলীগ বিভিন্ন ভবনের দেয়াল এবং সীমানায় দেয়াল লিখন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
তারা অবিলম্বে এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে হাজীগঞ্জে ছাত্রলীগ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন।