POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই দিনের রিমান্ডে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪ | সময়: ৪:৫৮ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

 

সোমবার (১৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এদিন তামান্না জেসমিন রিভাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মোহাম্মদ মাসুদ সরদার।

 

আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। উভয়ের পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।

 

এর আগে, রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানী থেকে তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তারের কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাবির সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়টির জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৩৯১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন