POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে দুই হাসপাতালে সীলগালা, দুই লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪ | সময়: ১১:২৯ পূর্বাহ্ণ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাগজপত্র নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে দুই হাসপাতাল সীলগালাসহ দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা। রাতে এসব তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিব উল্লাহ সৌরভ।
অভিযানের সময় নারায়নপুর জেনারেল হাসপাতাল (প্রা.) এন্ড কনসালটেশন সেন্টারের দুই বছরের কাগজপত্র নবায়ন না থাকায় সীলগালা, হাসপাতালের এমডি আল-আমিন ভুয়া চিকিৎসক দিয়ে সিজারিয়ান করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং নার্স পরিচয়ে হাসপাতালের দালাল শেফালি নরমাল ডেলিভারির সময় লীমা নামের রোগীর বাচ্চা মেরে ফেলার ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ওই এলাকার মীম জেনারেল হাসাপতালের কাগজপত্র নবায়ন না থাকায় সীলগালা এবং মালিক মো. জসিম উদ্দিন  ও আলহাজ উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ওই হাসপাতালে কোন চিকিৎসক পাওয়া যায়নি। এছাড়া বাজারের মূল সড়কে অবস্থিত ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসক (সার্জন) এর সহকারী না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, গুরুতর অনিয়মের কারণে এসব হাসপাতাল সীলগালা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে সোমবার (৯ ডিসেম্বর) ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিউজ পোর্টালে ‘নারায়নপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার’ এর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন