POPULAR BD NEWS
Popular BD News Logo

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪ | সময়: ৭:৪৭ অপরাহ্ণ

জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের মতবিনিময় সভা সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। “চাই শিক্ষাখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক চাঁদপুরের সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী। প্রধান অতিথির বক্তব্যে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা থাকবে। তিনি আরও বলেন, আমি লক্ষীপুর ও খাগড়াছড়ি সনাকের সাথেও কাজ করেছি। আমার মনে হয়, সনাক-চাঁদপুর এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা নিয়ে তুলনামূলক কাজ একটু বেশি করছে। গুয়াখোলা, আব্দুল আউয়াল গাজী ও নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা ও পরামর্শগুলো সম্পর্কেও তিনি মতামত প্রদান করেন। তিনি বলেন, চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসার দাবীদার।

জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ সনাকের কার্যক্রমগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবসময় সহযোগিতা করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, আমরা আশা করছি শিক্ষা কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কাঙ্খিত পরিবর্তন আনতে পারবো। দ্বিপাক্ষিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধি পাবে। পাশাপাশি পারস্পারিক আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমরা একত্রিতভাবে চাঁদপুর জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করবো। তিনি গুয়াখোলা, আব্দুল আউয়াল গাজী ও নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানে শিক্ষা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো: মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক-চাঁদপুরের সহ-সভাপতি জেসমিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো: মোশারেফ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ, সনাকের সহ-সভাপতি অ্যাড. পলাশ মজুমদার, সনাক সদস্য আব্দুল মালেক, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার, আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: হাফছা বেগম। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি গ্রুপের সহ-সমন্বয়কারী নাসরিন আক্তার, নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মোঃ আরিফ গাজী, আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি গ্রুপের সদস্য আবু হানিফ এবং সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন