চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী আট ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিককে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। সোমবার দিনভর অভিযান শেষে সন্ধ্যায় আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়। ওইসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেয় নৌ-পুলিশ।
আটককৃত সুকানী ও শ্রমিকেরা হলেন- জামাল হোসেন (৩৯), মোহাম্মদ রাসেল গাজী (২২), আজিজুল হক (৩০), ইকবাল হাসান (২০), সাইফুল ইসলাম (২৮), আলামিন (৪২), মোঃ মোতালেব (২৫), মোঃ মামুন (৩৮), তোফাজ্জল (৪৭), জাহিদুল ইসলাম (২৮), আব্দুল হান্নান (৪৮), আমির হোসেন (৪২), ইসমাইল (৩০), সাইফুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৪২) ও নাজমুল (৩৫)।
চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, মেঘনা নদীর সদর উপজেলার আমিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় আট ড্রেজার জব্দ করা হয়। আটককৃত ১৬ জন ড্রেজারগুলোতে নিয়মিত কাজ করে আসছে।
এদিকে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা এবং তদন্ত সাপেক্ষে ড্রেজারগুলোর মালিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া কথা জানান নির্বাহী মাজিস্ট্রেট মো. আল ইমরান খান। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। তীরবর্তী এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারা লঙ্ঘন।