POPULAR BD NEWS
Popular BD News Logo

পাশের বাড়িতে মুরগি যাওয়ায় দিনমজুরকে হত্যা’

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪ | সময়: ৬:১৭ অপরাহ্ণ

শরীয়তপুরের জাজিরায় বাড়িতে মুরগি যাওয়া নিয়ে দ্বন্দ্বে নজরুল মাদবর (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম আড়াচন্ডি এলাকায় প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষে আহত হন নজরুল। এসময় আরও দুজন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম আড়াচন্ডি এলাকার নজরুল মাদবরের সঙ্গে প্রতিবেশী বোরহান মাদবরের পরিবারের পারিবারিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। তারই জেরে শুক্রবার বিকেল ৩টার দিকে নজরুলের বাড়ির মুরগি প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়ে। এই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।

এসময় বোরহান ও তাঁর লোকজন নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাঁকে উদ্ধার করতে গেলে তাঁর বাবা লতিফ মাদবর (৭৫) ও ভাই সুমন মাদবরকেও (৩৫) কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ও সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়।

নজরুল মাদবরের স্ত্রী কল্পনা আক্তার বলেন, ‘আমাদের বাড়ির বাচ্চা মুরগী বোরহান মাদবরের বাড়িতে গেলে বোরহান মাদবর আমার স্বামীকে ডেকে নিয়ে গালাগালি করতে থাকে। তখন স্বামী প্রতিবাদ করলে বোরহান মাদবর, আবু সালাম মাদবর, জলিল মাদবর, রাজন মাদবর ও মনু মাদবর মিলে ধারালো অস্ত্র নিয়ে আমার স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁকে উদ্ধার করতে গেলে আমার শশুর ও দেবরকেও এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী মারা গেছেন। আমি আমার স্বামীর খুনিদের ফাঁসি চাই।’

এদিকে, অভিযুক্ত বোরহান মাদবর ও তাঁর লোকজনের বক্তব্যের জন্য যোগাযোগ করলে তাঁদের পাওয়া যায়নি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়িতে মুরগি যাওয়া নিয়ে দ্বন্দ্বে ঘটনাটি ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। আহত নজরুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলা হলে আসামিদের আইনের আওতায় আনা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন