POPULAR BD NEWS
Popular BD News Logo

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪ | সময়: ৫:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের প্রায় সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বহিষ্কার তালিকায় আছেন এমবিবিএস ও ইন্টার্ন শেষ করা চিকিৎসকও।

কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্ররাজনীতির নাম ভাঙিয়ে একক কর্তৃত্ব, গোষ্ঠীগত আধিপত্য এবং ব্যক্তিগত হিরোইজম প্রদর্শন, ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গসহ কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমি কাউন্সিলের সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৮ অক্টোবর) মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বহিষ্কার আদেশে সই করেন।

এতে ৭৫ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে দুই বছর, ১৫ জনকে ১ বছর ৬ মাস, ৩৭ জনকে ১ বছর ও ১৬ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, বহিষ্কার তালিকায় ১৭ জন ইন্টার্ন চিকিৎসক আছে। তালিকায় এক নম্বরে থাকা এমবিবিএস ৫৯ ব্যাচের মুশফিকুন ইসলাম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু সার্জারির বিভাগের মেডিকেল অফিসার।

এ ছাড়া আরও ১১ জনকে শিক্ষার্থী ও অভিভাবকের মুচলেকায় অব্যাহতি দেওয়া হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন এখানে

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন