POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুরে ঝড় বৃষ্টি : সবরুটে লঞ্চ চলাচল বন্ধ

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪ | সময়: ৪:০২ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ ভয়াল রূপ ধারণ করে স্থলভাগের দিকে ধেয়ে আসতে শুরু করেছে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুরে ইতিমধ্যে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। নদীতে তীব্র ঢেউ ও ঘূর্ণিপাক বাতাস থাকায় চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।

এদিকে সকাল থেকে ঢাকা চাঁদপুর রুটে লঞ্চ চলাচল করলেও নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রাবাহী ছোট নৌ-যান চলাচল বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌ বন্দর কর্তৃপক্ষ।

অন্যদিকে ঘূর্ণিঝড় দানার কারণে চাঁদপুর নদী বন্দরে তিন নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুরে সকাল থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর একটার পর থেকে ভারী বর্ষণ ও তীব্র বৃষ্টি শুরু হয়।

 

চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর নৌযান কর্মকর্তা বশির আলী জানান, সকাল থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাব না থাকায় ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করে। তবে চাঁদপুর থেকে বিভিন্ন রুটে চলাচল করা ছোট নৌযান বন্ধ রাখা হয়। দুপুরে হঠাৎ বৃষ্টি বাতাস শুরু হলে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুর উপকূলীয় এলাকার আওতায় থাকা হিসেবে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় দানার কারণে ইতিমধ্যে চাঁদপুরে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল বিকেল পর্যন্ত চলমান থাকবে। ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেলে আবহাওয়ার পরিস্থিতি আগের মত ঠিক হয়ে যাবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন