বিট পুলিশিং সভা পরিচালনা করলেন শিবির নেতা, আওয়ামীলীগে ক্ষোভ। ঘটনাটি শনিবার উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘটে। এ নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্হাদেনর মাঝে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
পুরো অনুষ্ঠানটির তত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শকের (এসআই) সুমন মিয়া। এছাড়াও পুলিশের ওই কর্মকর্তা নারী শিক্ষিকাকে বকাঝকা করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ওই স্কুল মাঠে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার ব্যানারে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন প্রধান অতিথি ও হাজীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ আলমগীর হোসেন রনি সভাপতি হিসাবে থাকলেও সভাস্থলে তারা কেউই উপস্থিত ছিলেন না। পুলিশের পক্ষ থেকে এসআই সুমন মিয়া উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানে উপস্থিত থাকা ইউনিয়ন যুবলীগের একনেতা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মতবিনিময় সভাটির আয়োজন করে থানা পুলিশ। সভাটি পরিচালনা করেন শিবিরনেতা আরিফুল ইসলাম। আরিফ ছাত্রশিবির নেতা বলে সভাস্থলে অনেকেই বলাবলি করে। এবং এসআই সুমন মিয়া বিদ্যালয়ের অফিস কক্ষে থাকা তিন নারী শিক্ষিাকাকে খুব বকাঝকা করেন অনুষ্ঠানে না আসায়।
সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মিয়াজী বলেন, আমার গ্রামে এ সভা অনুষ্ঠিত হলেও আমাকে আগে জানানো হয়নি। এসআই অনুষ্ঠানের অল্প কিছুক্ষণ আগে আমাকে জানায়। ইউনিয়ন ছাত্রশিবির নেতা আরিফ অনুষ্ঠানটি পরিচালনা করার কথা শুনে আমি অবাক হই। আরিফ তো ইউনিয়ন ছাত্রশিবির নেতা সে কিভাবে থানা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে আসার সুযোগ পায় ?
এসআই সুমন মিয়া মোবাইল ফোনে প্রতিবেদককে বলেন, মতবিনিময় সভাটি কোন রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। এখানে সচেতন যে কেউ আসতে পারে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষিকাদের বকাঝকা করিনি। তবে তাদেরকে সভাস্থলে আসার অনুরোধ করে ছিলাম।
হাজীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ আলমগীর হোসেন রনি বলেন, কোন শিবিরনেতা দিয়ে অনুষ্ঠান পরিচালনার কথা আমার জানা নেই। তিনি দাবি করেন অনুষ্ঠানটি পুলিশ পরিচালনা করেছে।
উল্লেখ্য, শিবির নেতা আরিফের পরিচালনায় বিট পুলিশিং এর মতবিনিময় সভার একাংশের ভিডিও চিত্র সংরক্ষণ রয়েছে।
বিট পুলিশিং এর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, যুবলীগের আহবায়ক রাসেল মজুমদার, ইউপি সদস্য মোজাম্মেল হোসেনসহ অনেকে।
