POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে চারদিন ধরে নিখোঁজ মৎস্যচাষী, হাত-বাঁধা ভিডিও প্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ

চারদিন ধরে নিখোঁজ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মৎস্য চাষী মারফত আলী (৩৪)। হোয়াটসঅ্যাপ ও ইমুতে পরিবারের কাছে কখনও দাফনের কাপড় আবার কখনও হাত-পা বাঁধা ভিডিও পাঠানো হচ্ছে। এতে করে দুই সন্তান ও স্ত্রীসহ পরিবারের সদস্যদের মাঝে বাড়ছে দুশ্চিন্তা।

গেলো ২৬ সেপ্টেম্বর শাহরাস্তি থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। তারপর থেকে লোকেশন সনাক্তকরণসহ প্রযুক্তির সহায়তায় তদন্ত কাজ চলছে বলে জানান উপ-পরিদর্শক কিশোর বড়ুয়া।

নিখোঁজ মারফত আলীর বড় ভাই মোহাম্মদ আলী বলেন, গেলো ২৪ সেপ্টেম্বর তার ভাই মুড়াগাঁও থেকে মোটর সাইকেলযোগে কচুয়া উপজেলার আকানিয়া এলাকায় ব্যবসায়িক কাজে যান। দুপুরের পর থেকে তার আর খোঁজ মিলছে না। তার নিজের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও ইমু থেকেই ভিডিও, ছবি পাঠানো হচ্ছে। তবে কোন কথা বলছে না। তারা কোন টাকাও দাবী করছে না।

হোয়াটসঅ্যাপে পাঠানো দুইটি ভিডিও বার্তায় দেখা যায়, একটিতে দাফনের কাপড় পরানো। হাত-পা বাঁধা নিস্তেজ হয়ে পড়ে আছে মারফত আলী। আরেকটিতে একটি ওয়াশরুমে হাত বাঁধা দাঁড়ানো অবস্থায়।
পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ক্যাম্প জিডির কপি দিয়ে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে মৎস্য ব্যবসায়ী মারফত আলীর সন্ধান পেতে চান পরিবার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন