POPULAR BD NEWS
Popular BD News Logo

হতাশার দিন শেষ, দেশের বাজারে তুলনামূলক কমেছে ইলিশের দাম

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪ | সময়: ৭:০৫ অপরাহ্ণ

ভারতে ইলিশ রপ্তানি বন্ধের পর সুখবর মিলেছে দেশের বাজারে। সব আকারের ইলিশের দাম আগের তুলনায় কমে এসেছে। ফলে ভরা মৌসুমে হতাশা নয়, থলে ভরে ইলিশ নিতে পারছেন ক্রেতারা।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে বাজারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে ইলিশ।

বিক্রিতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে নদীর ইলিশের সঙ্গে মিলছে সমুদ্রের ইলিশও। বাজারগুলোতে সমুদ্র থেকে আসা ইলিশ ‘চট্টগ্রামের ইলিশ’ হিসেবে পরিচিত।

দামের বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান, সপ্তাহের ব্যবধানে সব আকারের ইলিশের দাম কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, এক থেকে সোয়া কেজি ওজনের ইলিশও মিলছে ভরা মৌসুমে। বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে। গত সপ্তাহেও এই ইলিশের দাম ছিল ১৬০০ থেকে ২০০০ টাকার ঘরে।

এক কেজির কম ওজনের (৮০০-৯০০ গ্রাম) ইলিশ ক্রেতা টানছে। বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে। ক্রেতার আপত্তির মুখে ১১০০ টাকা কেজি দরেও এই আকারের ইলিশ কিনতে দেখা গেছে কয়েকজন ক্রেতাকে।

বাজারে ছোট আকারের ইলিশের সংখ্যাও কম নয়। আধা কেজি বা তার চাইতে ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। কিছুদিন আগেও এই ইলিশ কিনতে গুনতে হয়েছে হাজার টাকার বেশি।

শিয়া মসজিদ বাজারের মাছ বিক্রেতা মো. পাভেল রহমান বলেন, মাছের দাম কমছে। ইন্ডিয়ায় মাছ গেলে দেশে শর্ট পরে। তখন দাম বাড়ে। এইবার তো ইন্ডিয়ায় যায়নি। মাছও অনেক। তাই দামও কম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন