POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা: অবরুদ্ধ শিক্ষক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪ | সময়: ৫:৫৩ অপরাহ্ণ
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ভিতরে আটকা পড়েছে শিক্ষক ও কর্মচারীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১টায় চাঁদপুর শহরেন খলিশাডুলি ওয়াপদা গেইট এলাকার অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন।
এর আগে সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিসি প্রফেসর ড. মো. নাসিম আখতার ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আবদুল হাই (অবঃ) এর পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তারা কোন পদক্ষেপ গ্রহণ না করায় আজকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাসের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্রিকেট, দাবা, লুডু ও ফুটবল খেলে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এদিকে গত ১০ আগস্ট বিকেলে সংবাদমাধ্যমকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতার পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের তাজনীন তাজ ছোঁয়া, মো. আলআমিন খান, ওমর ফারুক ও পালকন সৌরভসহ বেশ কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের আন্দোলন প্রতিহত করতে এই ভিসি ছাত্রলীগের ক্যাডারদের এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে আমাদের তথ্য দিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪ বছর হলেও নূন্যতম সুযোগ সুবিধা পাইনি আমরা। আমাদের দাবি না মানায় আজকে সকলকে ভিতরে রেখে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা এই স্বৈরাচারী ভিসি ও রেজিস্ট্রার এর পদত্যাগ না করা পর্যন্ত এই তালা কোন অবস্থাতেই খুলবো না।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন