POPULAR BD NEWS
Popular BD News Logo

গলায়-হাতে শিকল বেঁধে রামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১, ২০২৪ | সময়: ৭:৪৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এতে গলায় ও হাতে শিকল বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় টানা আন্দোলনে গুম-খুন ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রামগঞ্জ পৌর শহরের সিটি প্লাজার সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ সড়কের পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। আন্দোলনে অংশগ্রহণকারীদের হাতে- আমার ভাই মরল কেন? বিচার চাই বিচার চাই, জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে ও আমার ভাইদের মারলি কেন বিচার চাই বিচার চাইসহ বিভিন্ন স্লোগানের ফেস্টুন দেখা যায়।

আন্দোলন থেকে শিক্ষার্থী-জনতাকে গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসব ঘটনায় জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারসহ বৈষম্যবিরোধী আন্দোলনের দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন শেষে চলে গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন