POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, দুইপক্ষের ইটপাটকেল নিক্ষেপ: আহত ১০

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪ | সময়: ৬:৫৪ অপরাহ্ণ
সারাদেশের ন্যায় চাঁদপুরেরও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬-জুলাই) দুপুরে চাঁদপুর শহরের অঙ্গীকারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাস স্ট্যান্ড এলাকায় গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে বাধা দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দুপাশ থেকে নিক্ষেপ করা হয় ইটপাটকেল। এতে আহত হয় অন্তত ১০জন। শহরে তিন ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের মারধর করে। তাদের দাবি হামলায় অন্তত ১০-১৫ শিক্ষার্থী আহত হয়েছে।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তাবাসসুম বলেন, চাঁদপুর হাসান আলী স্কুল এন্ড কলেজ, পুরানবাজার ডিগ্রী কলেজ, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেয়। জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজির নেতৃত্বে আমাদের বিক্ষোভ মিছিলে বাধা দেয়।
এদিকে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, হাসান আলী মাঠে মিছিল বের করলে তাদের মিছিলে বাধা প্রদান করে ছাত্রলীগ। এ সময়ে তাদের কাছ থেকে ব্যানার ছিনে নেওয়ার চেষ্টা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
একইদিন বিকালে জেলার হাজীগঞ্জ বাজারে দু’ দফা পাল্টা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। প্রথমেই জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। পরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির নেতৃত্বে কোটা বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন