POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে ড্রেজারসহ আটক ৪৪ জন কারাগারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৮, ২০২৪ | সময়: ১০:২৯ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযানে ১০টি ড্রেজারসহ আটক ৪৪ ব্যাক্তিকে আদালতে পাঠিয়েছে নৌ পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

রবিবার (৭ জুলাই) বিকাল ৫টার দিকে চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম এর আদালতে এসব আসামীদের হাজির করা হলে তিনি এই নির্দেশ দেন।

জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. ওমর ফারুক সন্ধ্যায় এসব তথ্য জানান। তিনি বলেন, আসামীদের পক্ষে কোন আইনজীবী ছিলোনা। বিচারক এটিকে সিআর মামলা হিসেবে গ্রহণ করেন।

এর আগে দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।

চাঁদপুর কোর্ট পুলিশ পরিদর্শক শহীদ উল্লাহ জানান, এসব আসামীদের বিরুদ্ধে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তবে তিনি তাদেরকে কোন সাজা না দিয়ে সিদ্ধান্তের জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান।

শনিবার (৬ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে নৌ পুলিশ ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও দুইটি স্পিডবোট জব্দ এবং ৪৪ জনকে আটক করে। এ সময় আটকদের সাথে থাকা বালু বিক্রির ১৫ লাখ ৪১ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন