হাজীগঞ্জ উপজেলার ১০নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের পৃথক দুইটি স্থান থেকে ৮২ বস্তা চাল উদ্ধারের ঘটনা তদন্ত করবে দুদক। বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা তদন্ত ওসি মিন্টু দত্ত।
তিনি জানান, সোমবার রাতে উদ্ধার হওয়া সরকারী চালের ঘটনায় উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, ইউপি সদস্য আমির মুন্সী, আবুল খায়ের ও চেয়ারম্যানের নিকটাত্মীয় জাহাঙ্গীর হোসেনসহ অজ্ঞাত ২/১ জনকে বিবাদী করা হয়।
তিনি আরো জানান, মামলার অভিযোগপত্র ও সরকারি মালামাল জব্দ হওয়ায় থানা থেকে আরো একটি পরিপত্রসহ তদন্ত কাজের জন্য চাঁদপুর দুদক কার্যালয়ে পাঠানো হয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে আটককৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার বাদী প্রকল্প কর্মকর্তা মো. জাকির হোসাইন জানান, জব্দকৃত চাল হাজীগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।
সোমবার রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানা তদন্ত ওসি মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান পরিচালনা করে সরকারের কাবিখা ও প্রধানমন্ত্রীর উপহার জিআর প্রকল্পের ৮২ বস্তা চাল উদ্ধার করেন।