চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় পানিতে ডুবে শিশুর ইয়ামিন (১১) এর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর গ্রামের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
শিশু ইয়ামিন উত্তর শিকিরচর গ্রামের সুরুজ প্রধানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন রনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়ামিন মাদ্রাসায় পড়াশোনা করতো। ঈদের ছুটিতে বাবা মায়ের সাথে গ্রামে এসেছিলো শিশু ইয়ামিন। রোববার বেলা ১২ টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই শিশু। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে।
চারিদিকে তল্লাশি চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর শিশু ইয়ামিনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।