ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। দক্ষিণাঞ্চলের কয়েক জেলার মানুষ চাঁদপুর লঞ্চঘাট হয়ে ফিরছে ঢাকায়। প্রতিটি লঞ্চে মানুষের উপচে পড়া ভিড়।
শুক্রবার সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে পরিবার-পরিজন নিয়ে রাজধানী ফিরছে পেশাজীবিরা। ঈদের আনন্দ শেষে নির্বিঘ্নে লঞ্চে ফিরতে ঢাকামুখী নৌরুটে যাত্রীবাহী সকল লঞ্চে গাদাগাদি করে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন তারা। লঞ্চগুলো ৩ ঘন্টার কথা বললেও ৪ ঘন্টার বেশি সময় নিচ্ছেন বলে জানান যাত্রীরা।
তবে সড়ক পথ থেকে লঞ্চে চলাচল আরামদায়ক হওয়ায় ঈদের ছুটিতে পরিবার -পরিজন নিয়ে লঞ্চে যাতায়াতের কথা জানান তারা। লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি বিপ্লব সরকার বলছেন, ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে ২/৩ দিন যাত্রীর চাপ থাকবে। সিডিউল মোতাবেক সবগুলো লঞ্চ চলাচল করবে। সড়কপথ থেকে নৌপথের যাত্রায় এখনো স্বস্তি থাকায় মানুষ লঞ্চে চলাচল করছে।
চাঁদপুর লঞ্চ ঘাটের ইন্সপেক্টর শাহ্ আলম বলেন, যাত্রীদের হয়রানি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৪ ঘন্টা নৌ পুলিশসহ প্রশাসনের আইন-শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। বিশেষ করে লঞ্চঘাটে যাত্রীসেবায় খোলা হয়েছে দুইটি কন্ট্রোল রুম।