POPULAR BD NEWS
Popular BD News Logo

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ২ ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৩, ২০২৪ | সময়: ৩:৫২ অপরাহ্ণ

পরিবার ও স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখো যাত্রীরা। ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই। যাত্রীরা খুব সহজেই ঢাকা থেকে কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে কুমিল্লায় এসে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ঢাকা থেকে আসা মিয়ামি এয়ারকন বাস থেকে নামা মো. ফয়জুল্লাহ নামে এক যাত্রী বলেন, পরিবার নিয়ে ঈদ করতে গ্রামে যাচ্ছি। সড়কে কোনো যানজট নেই। দুই থেকে আড়াই ঘণ্টায় কুমিল্লায় এসে নামলাম।

চট্টগ্রাম থেকে আসা তিশা প্লাটিনাম বাসের সহকারী জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে কুমিল্লায় কোথাও যানজট দেখা যায়নি। খুব কম সময়ে কুমিল্লায় যাত্রী নিয়ে এলাম।

এশিয়া এয়ারকন বাসের যাত্রী হায়দার আলী বলেন, ভাড়া আগের মতো ৩৫০ টাকা নেওয়া হয়েছে। রাস্তা একদম ফাঁকা। গাড়ির চাপ কম। স্বল্প সময়ে কুমিল্লায় আসতে পেরে ভালো লাগছে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, গত রোজার ঈদের মতোই পরিকল্পনামাফিক মহাসড়ক যানজটমুক্ত রাখার ব্যবস্থা রাখা হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করছি রোজার ঈদের মতোই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সুন্দর ঈদযাত্রা উপহার দিতে পারব ঘরমুখো মানুষকে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন