POPULAR BD NEWS
Popular BD News Logo

জব্দ হওয়া হাজারো যানবাহন খোলা আকাশের নিচে, রাজস্ব হারাচ্ছে সরকার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ১১, ২০২৪ | সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
গাইবান্ধায় বিভিন্ন অপরাধের ঘটনায় জব্দ হওয়া হাজারো যানবাহন খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে। আইনি জটিলতায় বছরের পর বছর পড়ে থাকায় এসব মোটরযানের যন্ত্রপাতিও অচল হয়ে যাচ্ছে। এতে রাষ্ট্রীয় এসব সম্পদ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। আর সরকার রাজস্ব হারাচ্ছে।
দেখা যায়, বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য দামী মোটরসাইকেল জেলার বিভিন্ন থানা কমপ্লেক্সের সামনে খোলা আকাশের নিচে পড়ে আছে। শুধু মোটরসাইকেল নয় মাইক্রো, প্রাইভেটকার, পিকআপ, ট্রাক ও সিএনজি রয়েছে। বছরের পর বছর একইস্থানে পড়ে থাকায় এসব যানবাহন নষ্ট হয়ে গেছে। কোনও কোনও যানবাহন মাটির নিচে চাপাও পড়ে আছে।
 

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব যানবাহন জব্দ করা হয়। দীর্ঘদিন পড়ে থাকায় এসব গাড়ির কাঠামো ছাড়া অবশিষ্ট কিছুই নেই। আবার আইনি জটিলতার কারণে অনেক মালিক এগুলো নিতেও পারছেন না। ফলে দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এসব যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

 স্থানীয়রা বলছেন, জব্দ করা যানবাহন রাখার নির্দিষ্ট গ্যারেজ না থাকায় বছরে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। আবার দ্রুত আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর কিংবা নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হলে সরকারি সম্পদ রক্ষার পাশাপাশি যানবাহনগুলো ভালো থাকবে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইবনে মিজান জানান, বিভিন্ন অপরাধে জব্দ গাড়িগুলোর রিপোর্ট আদালতে দ্রুত সময়ে পাঠানো হয়। তবে মামলা নিষ্পত্তি না হওয়ায় ও মালিকানা যাচাইয়ে সময় লাগায় গাড়িগুলো দেয়া সম্ভব হয় না। এছাড়া নির্দিষ্ট গ্যারেজ না থাকায় ও জব্দ গাড়ির সংখ্যা বেশি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, জেলার ৭টি থানা ও আদালত চত্বরে কয়েক হাজার মোটরযান দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 


পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন