চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার খাটরা এলাকায় সাততলা বাড়ীর ছাদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ-চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন খাটরা এলাকার মায়া ভিলার ছাদে এই দুর্ঘটনায় ঘটে।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া পপুলার বিডিনিউজকে বলেন, ভবনের সাত তলার ছাদে রেখা বেগম পরিষ্কার করতে উঠে। ওইসম আগে থেকে ছাদে জমে থাকা পানি ও বিদ্যুৎতের তার জড়ানো ছিলো। সেখানে বিদ্যুৎস্পর্শে মারা যান রেখা বেগম। পরে তাকে ছাদে পড়ে থাকতে দেখতে পেয়ে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত কামিজ মিয়ার মেয়ে মায়া ও রেখা দুই বোন। গেলো তিরিশ বছর পূর্বে মৃত রেখা বেগম (৪৫) এর স্বামী মারা যান। তারপর থেকে বাবার বাড়ি ও বোন মায়ার ভবনে থাকতেন।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।