প্রগতিশীল রাজনীতিক হায়দার আকবর খান রনোর শেষ বিদায়ে ভারাক্রান্ত রাজনৈতিক অঙ্গন। তাঁর চলে যাওয়ার শূন্যতা ভাবায়- কাঁদায়। তবে স্বাধীনতার এতো বছর পরেও রাজনৈতিক বিভেদ নিয়ে হতাশ অনেক নেতা। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের কথাও বলেন তারা।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়া হয়। এ সময় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র উপদেষ্টা হায়দার আকবর খান রনোর প্রতি এ সময় শ্রদ্ধা জানান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।
হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা জানাতে দেশব্যাপী শোক পালন করছে সিপিবি। মার্ক্সতাত্ত্বিক এই নেতা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ভূমিকা ও মহান মুক্তিযুদ্ধে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাজনীতিবিদরা।
এর আগে, সোমবার (১৩ মে) সকালে পল্টনের মুক্তি ভবনে কমরেড হায়দার আকবর খান রনোর মরদেহ নেয়া হয়। সেখানে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবি’র পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে শোক র্যালি করে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রনো।