POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তর উপজেলা নির্বাচনে চায়ের কাপে ভোটের আমেজ

সুমন আহমেদ | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪ | সময়: ১২:৩৯ অপরাহ্ণ
ও মামা এদিকে ৫ টা চা দেন। আরেকদিক থেকে ও মামা এদিকে ৫ টা চা দিয়েন। মতলব উত্তরে বিভিন্ন চায়ের দোকানে এভাবেই চলছে সকাল সন্ধ্যা চা বিক্রির ধুম।
এ চা দেয়ার ফাঁকে আর চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে উপজেলা পরিষদের ভোট নিয়ে আলোচনা।
জমে উঠছে ভোটের আড্ডা। আর মাত্র ৮ দিন পরেই নির্বাচন। নির্বাচনকে ঘিরে চায়ের কাপের টিং টং শব্দের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন উপজেলার চা ব্যবসায়ীরা।
শুধু চায়ের দোকান নয়, হোটেল রেস্টুরেন্ট, গণপরিবহন সব জায়গায় চলছে ভোটের হিসাব-নিকাশ। কে হবেন আগামী দিনের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। সর্বত্র আলোচনা শুধু মতলব উত্তর উপজেলা নির্বাচন নিয়ে। গ্রামের অলি-গলির চায়ের দোকানেও নির্বাচনী ঝড় বইছে। এছাড়া বিভিন্ন নির্বাচনি ক্যাম্পের আশেপাশে গড়ে উঠেছে মৌসুমি চায়ের দোকান। সেখানেও চলছে চুলচেরা বিশ্লেষণ।
মতলব উত্তরে এখন উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার- প্রচারণা। চলছে প্রার্থীদের গণসংযোগ, মিছিল, মাইকিং, শোডাউনসহ ভোটারদের কাছে নিজেকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা। চাকরীজীবি, ব্যবসায়ী, রিক্সা চালক, দিন মজুরসহ নানা শ্রেণি পেশার মানুষ চায়ের দোকানে বসলে তাদের মধ্যে বেশিরভাগই নির্বাচনী আলোচনায় অংশ নিচ্ছেন।
চায়ের দোকানী মাহবুব আলম ফরাজী ও কবির হোসেন জানান, নির্বাচনী হাওয়া শুরুর পর থেকে চা বিক্রি বেড়ে গেছে। কারণ সবাই এসে দোকানে বসে নির্বাচন, রাজনীতি নিয়ে আলোচনা আর একের পর এক চা সিগারেট খাচ্ছেন। আগে প্রতিদিন চা বিক্রি করতাম ৩০০ কাপ আর এখন করছি প্রায় ৭’শ থেকে ১হাজার কাপ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন