POPULAR BD NEWS
Popular BD News Logo

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ১৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪ | সময়: ১১:৫৯ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব উত্তরে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যান প্রার্থীর নিজ গাড়িসহ ১২টি গাড়ি ভাঙচুর ও ১৫ জন নেতাকর্মী আহত হয়। সোমবার বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে (টেক্কা পোল বাজার) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নেতাকর্মীদের নিয়ে টেক্কা পোল বাজারে ভোট চাইতে আসলে হঠাৎ করে একদল লোক লাঠি সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনারস প্রতীকের কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গাড়িসহ ১০-১২টি মোটরসাইকেল ও একটি সিএনজি ভাঙচুর করে। ঘটনার পরপরই মতলব থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেন বলেন, বিকেলে নির্বাচনী গণ সংযোগে নেমে কয়েকটি ইউনিয়নে গণ সংযোগ শেষে মোহনপুর ইউনিয়নের টেক্কা পোল বাজারে যান। সেখানে তার কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। হঠাৎ করে ঘোড়া প্রতীকের সমর্থক সুভা চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা করে। একজন কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বাকি আহতদেরকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
গাজী মোক্তার হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ সুশৃংখল রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন জানান, হামলার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে কালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভা বলছেন, তিনি এই হামলার ঘটনা জানেন না। সোমবার তিনি ঢাকায় ছিলেন। মুক্তার গাজী সমর্থন না করায় বিভিন্নভাবে তাকে হয়রানি করার চেষ্টা করছে বলে জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন