POPULAR BD NEWS
Popular BD News Logo

কিল-ঘুষিতে ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ | সময়: ১১:১৩ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে সালিশী বৈঠকে কিল-ঘুষিতে সাবেক ইউপি সদস্য সুরুজ আলী প্রধান হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে থানায় মামলা দায়ের করেন সাবেক ইউপি সদস্যের স্ত্রী নুরজাহান বেগম। মামলায় আসামী করা হয় ওই গ্রামের পাটওয়ারী বাড়ীর রহমত উল্লাহ পাটওয়ারী ছেলে কবির হোসেনকে।

বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসনে।

এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ওই গ্রামের পাটওয়ারী বাড়ীতে মা-ছেলের সালিসী বৈঠকে ছেলে কবির হোসেন তার মায়ের কাছে ক্ষমা চাইতে বলে একটি থাপ্পড় দেয় সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান। এতে কবির হোসেন ক্ষিপ্ত হয়ে কিল- ঘুষি দেয় সুরুজ আলীকে। ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সরেজমিন ওই বাড়ীতে গিয়ে দেখাগেছে, আসামী কবির হোসেন, তার মা মনোয়ারা বেগমসহ কেউই বাড়ীতে নেই। ঘটনার পর তারা ঘরে তালাবদ্ধ করে পালিয়েছে।

হত্যার শিকার সাবেক ইউপি সদস্য সুরুজ আলীর ভাগিনা সামিউল জানান, তার মামার কোন সন্তান নেই। মামার মৃত্যুর পরে মামির দেখাশুনার আর কেউ রইল না।

কান্নাজড়িত কন্ঠে সুরুজ আলীর স্ত্রী নুরজাহান বেগম বলেন, সালিশ বৈঠকে না যাওয়ার জন্য আমি কয়েকবার বলেছি। কবিরের স্বজনরা ডেকে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।

মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মামলায় কবির হোসেন নামে ব্যাক্তিকে বিবাদী করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন