POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১২০ টাকায় পুলিশ কনস্টেবলে নিয়োগ পেলেন ৬০ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪ | সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ

চাঁদপুরে ১২০ টাকায় পুলিশ কনস্টেবলে নিয়োগ পেলেন ৬০ জন। কোন প্রকার তদবীর বা ঘুষ দিতে হয়নি তাদের। এবার এসএসসি ও এইচএসসিতে জিপিএ ফাইভসহ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেলেন তারা। অপেক্ষমান তালিকায় রয়েছেন ৭ জন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস সেডে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ এর চুড়ান্তভাবে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। উর্ত্তীণ হওয়া সবাই চাঁদপুর জেলার বাসিন্দা।

উত্তীর্ণ হওয়া নবাগত কনস্টেবলেরা বলেন, এমন স্বচ্ছভাবে তারা উর্ত্তীণ হবেন, তারা আবেদন করার আগে জানা ছিল না। কোন তদবীর বা কাউকে কোন ঘুষ দিতে হয়নি।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এর আলোকে উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের আইকন ও অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনা মোতাবেক গতবারের ন্যায় এবারও শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন আমরা চাঁদপুর জেলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার। আমরা আমাদের কথা রেখেছি। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান শ্লোগানে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

কনস্টেবল পদে প্রাথমিকভাবে ২ হাজার ৩শ’ ৩১ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়ে ৫৯৪ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়, ওই পরীক্ষায় ৯৮ জন উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশগ্রহণ করেন।
ফলাফল ঘোষণাকালে নিয়োগ বোর্ডের সদস্যসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন