POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে দর্জিদের

সুমন আহমেদ | প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪ | সময়: ২:৫২ অপরাহ্ণ

মতলব উত্তরে ঈদকে সামনে রেখে নতুন নতুন পোশাক তৈরিতে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ার কারিগরদের। রোজা শুরুর আগে থেকেই অর্ডার নেয়া শুরু হয়েছে, যা এখনো চাহিদানুযায়ী অর্ডার নেয়া হচ্ছে বলে জানিয়েছেন টেইলার্সগুলোর কর্ণধাররা। ছোট-বড় প্রতিটি দোকানেই সেলাই কাজের অনেক অর্ডার পাচ্ছেন কারিগররা। প্রত্যেক কারিগর গ্রাহকের রুচি আর পছন্দের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করছে পোশাক।

উপজেলার ছেংগারচর বাজার, নতুন বাজার, আমিরাবাদ বাজার, পাঁচআনী চৌরাস্তা, সুজাতপুর, সাহেব বাজার, কালিপুর, কালিরবাজারসহ প্রত্যেকটি দর্জির দোকান ঈদের নতুন জামা তৈরিতে ব্যস্ত আর উৎসব আসলেই বিপণিবিতানগুলোতে নারী-পুরুষের পদচারণা বাড়তে থাকে। তবে, দর্জির দোকানগুলোতে তরুণী ও বিভিন্ন বয়সের নারীদের উপস্থিতি বেশ লক্ষ্যণীয়। তৈরিকৃত পোশাক অনেক সময় শরীরের সঙ্গে পুরোপুরি মানানসই হয় না বিধায় দর্জি দোকানে সেলাই করা পোশাকের প্রতি আগ্রহ থাকে বেশি। নাওয়া-খাওয়া কথাবার্তা বলার সময় নেই তাদের। শুধুমাত্র গ্রাহকদের সময়মত অর্ডার এবং দেয়ার জন্য যত ব্যস্ততা।

ছেংগারচর বাজারে আসা ক্রেতারা জানান, ছেলেমেয়েদের চাহিদা অনুযায়ী ভালো কাপড় কিনে পছন্দের পোশাক তৈরির জন্য দর্জির দোকানে আসা। কেউ পছন্দ করে তৈরিকৃত পোশাক, আবার নিজ পছন্দের ডিজাইনে তৈরি করা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এক্ষেত্রে তরুণ তরুণীদের আগ্রহই বেশি।

ঐশি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী জুনাইদ আহমেদ শিপন জানান, ক্রেতারা কাপড় কিনে বিভিন্ন টেইলার্সে গিয়ে তাদের পছন্দের পোশাক বানাচ্ছে। এদিকে, কয়েকটি দর্জি কারখানাতে অতিরিক্ত কারিগর নিয়োগ করে রাত অবধি ক্রেতাদের চাহিদা মোতাবেক পোশাক তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক দেয়া যায়। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় মান সম্পন্ন পোশাক তৈরির জন্য অর্ডারিরা ছুটছেন উপজেলার বিভিন্ন মানসম্পন্ন টেইলার্সে।

অর্মি টেইলার্স, রুপা টেইলার্স, নিপা টেইলার্স, আল মদিনা টেইলার্স, মায়ের দোয়া টেইলার্স, ঘুরে দেখা গেছে, ক্রেতাদের অর্ডার নিতে ব্যস্ত। কেউ কেউ অর্ডার নিচ্ছেন, আবার অনেক দোকানে অর্ডার নেয়া কমিয়ে দিয়েছে। কারিগররা বলেন, তরুণ- তরুণীদের অর্ডার বেশি পাওয়া যাচ্ছে। তারা তাদের পছন্দের কাপড় ও ডিজাইনে অর্ডার দিচ্ছেন। রোজা শুরুর অগে থেকেই অর্ডার নেয়া শুরু করা হয়েছে।

এদিকে ছেংগারচর বাজারের অর্মি টেইলার্সের স্বত্বাধিকারী আবু সাঈদ উজ্জ্বল জানান, রোজার কয়েকদিন আগে থেকেই গ্রাহকের কাছ থেকে অর্ডার পাওয়া শুরু হয়েছে, যা চলছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ফ্যাশন ডিজাইনের পোশাক বানানোর কারণে ক্রেতারা এখানে আসেন। এবারো তেমন মজুরি বাড়ানো হয়নি। সাধারণত ঈদে বাড়তি চাপ থাকে।

রুপা লেডিস টেইলার্সের স্বত্বাধিকারী ফয়েজ আহমেদ জানান, এবার সাধারণত রমজানের আগেই থেকে কাজের চাপ বেড়েছে। এখনো অর্ডার নেয়া বন্ধ করা হয়নি। তবে মজুরি ডিজাইনের প্রকার ভেদে ৩০০ থেকে শুরু হয়ে সাড়ে ৪০০ টাকা নেয়া হয়ে থাকে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন