শাহরাস্তি উপজেলায় মসজিদের ইমামের কাছে পানি পড়া আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী এক যুবতী। তার বয়স ২৪ বছর।
এই ঘটনায় মঙ্গলবার দুপুরে অভিযুক্ত হাফেজ মাওলানা ইলিয়াছুর রহমানকে (২৯) গ্রেফতার করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ।
ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করলে সোমবার গভীর রাতে পুলিশ টামটা উত্তর ইউনিয়নের রাজাপুরা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের হাজী বাড়ি জামে মসজিদে ইমামতি করতেন ইলিয়াছুর রহমান। গত বছরের ১০ সেপ্টেম্বর দুপুরে দেবীপুর গ্রামের ভুক্তভোগী প্রতিবন্ধী যুবতী পানি পড়া আনতে মসজিদ সংলগ্ন ইমামের কক্ষের সামনে যান। ওই সময় অভিযুক্ত ইমাম ভুক্তভোগীকে হাত ধরে টেনে রুমে নিয়ে ধর্ষণ করে। ইমাম ইলিয়াছুর রহমান রায়শ্রী উত্তর ইউনিয়নের চন্ডীপুর হীরার বাড়ির সামছুল হকের ছেলে।
ভুক্তভোগীর মা বলেন, ধর্ষণের পর গর্ভবতী হয়ে পড়ায় ইমামকে জানালে তাকে গর্ভপাতের জন্য ২ টি ট্যাবলেট খাইয়ে দেয়। পরে ২০ ফেব্রয়ারি সকালে একটি অপরিপক্ক সন্তান প্রসবের ওই প্রতিবন্ধি।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন ও ডিএনএ পরিক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। তারপর পরীক্ষার রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।