POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে দুই মাদক কারবারি আটক

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪ | সময়: ৩:৫৮ অপরাহ্ণ

হাজীগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই মাদক কারবারী।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রউফ ও তার সঙ্গীয় ফোর্স পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের বৈষ্ণব বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত দুই মাদক কারবারি ওই গ্রামের মুন্সীর বাড়ির সামছুল হকের ছেলে মোতালেব (৩০) ও আলাবক্স মিয়া বাড়ির মাসুদ রানার ছেলে অপু (৩০)।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে দীর্ঘদিন যাবত ধরে মাদকের সাথে সম্পৃক্ত থাকার সত্যতা পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয়সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে রান্ধুনীমূড়া গ্রামের বৈষ্ণব বাড়ির মোস্তফার ছেলে শুভর (১৯) বসতঘর সংলগ্ন বাথরুমের ছাদে ইয়াবা ট্যাবলেট রাখার সময় মোতালেবকে আটক করা হয়।

এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়ির সামনে থেকে অপুকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আটক মোতালেবের বলেন, অপু বলেছে শুভদের টয়লেটের ছাদে একটি প্যাকেট রয়েছে। ওই প্যাকেটটি যেন আমি নিয়ে আসি। তার কথা-মতো আমি ওই বাড়িতে গিয়ে প্যাকেটটি নিলে তারা আমাকে আটক করে। এ দিকে মোতালেবের কথা অস্বীকার করে অপু বলেন, আমি বাড়ির সামনে ছিলাম।

এ সময় শুভসহ কয়েকজন লোক আমাকে ধরে নিয়ে আসে। তারা (শুভ) মোতালেবসহ নাটক করে আমাকে ফাঁসাচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী শুভ বলেন, শুক্রবার রাতে পুলিশ আমাদের ঘরে তল্লাশি চালায়। পরে তারা কিছু না পেয়ে চলে যায়। এদিকে পুলিশ আসার আগে ও পরে অপু আমাদের বাড়িতে কয়েকবার আসে। তখন আমরা বিষয়টি বুঝতে পারি নাই।

এ সময় তিনি অভিযোগ করে আরো বলেন, পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সীর সাথে আমার বিরোধ রয়েছে। এই ঘটনায় টেলিভিশন ও পত্র-পত্রিকায় নিউজ হয়েছে। নিউজ হওয়ার পর সে (কাউন্সিলর) আমাকে ও আমার পরিবারের সদস্যসহ যারা টেলিভিশনে বক্তব্য দিয়েছে, তাদেরকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। সে এখন আমাদেরকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রাজন নামের স্থানীয় এক যুবক বলেন, এলাকার জুয়া ও মাদক নিয়ে আমরা সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছি।

এজন্য আমাদেরকে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এখন শুভদের ঘরে ইয়াবা রাখছে। কালকে আমার ঘরে যদি ইয়াবা রাখে, তখন আমার কি হবে ? এজন্য আমরা আতঙ্কে আছি। আমরা নিরাপত্তা চাই। এ ব্যাপারে অভিযুক্ত পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাদেকুজ্জামান মুন্সির সাথে সংবাদকর্মীদের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা।

হআই/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন