দশ ঘন্টার ব্যবধানে দাদা-দাদীর মৃত্যু। বাবা- ছেলের করোনা পজেটিভ। স্তব্ধ হয়ে গেছে একটি পরিবার। ঘটনাটি চাঁদপুর শহরে।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১০ ঘন্টার ব্যবধানে দাদা মুজিবুর রহমান পাটওয়ারী (৮৭) ও দাদী রাবেয়া বেগম (৭২) এর মৃত্যু হয়। মঙ্গলবার ভোরে দাদা ও সোমবার রাতে দাদীর মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুর ২টায় এ দম্পতির জানাযা ও দাফন বাবুরহাট লালদিয়া বন্দে আলী পাটওয়ারি বাড়িতে বিশেষ ব্যবস্থায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সম্পন্ন করেন।
মারা যাওয়া এই দম্পতির ছেলে গোলাম সরোয়ার কচি ও নাতি শাহরিয়ারের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, তারা শহরের চিত্রলেখা এলাকার বাসিন্দা। রোববার সকালে ওই দম্পতির করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। সেই রিপোর্ট এখনো অপেক্ষমান। তাই তাদের করোনা উপসর্গ থাকায় বিশেষ ব্যবস্থায় দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, সন্ধ্যায় মারা যাওয়া বৃদ্ধার ছেলে ও নাতির শরীরে ইতিমধ্যে করোনা পাওয়া গেছে। পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো জানান, বৃদ্ধার মধ্যেও করোনার উপসর্গ বিদ্যমান ছিলো। তিনি কিছুদিন ধরে জ্বর ও কাশিতে আক্রান্ত ছিলেন। আর সোমবার দিনভর তার প্রচুর পাতলা পায়খানা হয়েছে। এখন রিপোর্ট আসলেই জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা।