POPULAR BD NEWS
Popular BD News Logo

এখনো নেভেনি সুগারমিলের আগুন, নদীতে কেমিক্যাল যাওয়ায় মরছে মাছ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৬, ২০২৪ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ

দুইদিন পার হয়ে গেলেও এখনো পুরোপুরি নির্বাপণ করা যায়নি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম সুগার মিলে লাগা আগুন।  এখনও গুদামের ভেতর জ্বলছে আগুন। আগুন পুরোপুরি নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

এদিকে আগুন লাগার পর এস আলম চিনিকলের গুদামের অপরিশোধিত চিনির গলিত পানি সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। নদীর বিশাল এলাকাজুড়ে ফেনার মতো ভাসছে চিনির বর্জ্য। এতে এলাকার মাটি ও নদী দূষিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর ওই বিষাক্ত বর্জ্য নদীতে মেশায় মরছে অনেক মাছ।

গেলো সোমবার বিকেল চারটার কিছু আগে কর্ণফুলী থানা এলাকার ইছানগরে অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনে গুদামে থাকা প্রায় এক লাখ টন অপরিশোধিত চিনি পুড়েছে বলে দাবি মিল কর্তৃপক্ষের।

আগুন লাগার পর পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। তাদের সঙ্গে সোমবার রাতে সেনা, বিমান ও নৌবাহিনী যোগ দেয়। আগুন না নিভলেও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে দিয়েছে তদন্ত কমিটি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন