রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন- তুষার হালাদার (২৬) ও অভিশ্রুতি শাস্ত্রী। তারা দু’জনই দ্য রিপোর্টের সাবেক সাংবাদিক। শুক্রবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দ্য রিপোর্ট ডট লাইভের চিফ রিপোর্টার গোলাম রব্বানী।
তুষার ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক শেষ করে দ্য রিপোর্ট ডট লাইভে কাজ করতেন তুষার। সম্প্রতি তিনি স্টারটেক নামে অনলাইন মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তুষারের বাবা দীনেশ চন্দ্র হাওলাদার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ছেলের মৃত্যুর খবর পাই। আমার স্ত্রী অসুস্থ। তাকে জানানো হয়নি।
এদিকে অভিশ্রুতি ইডেন কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঢাকার থাকতেন মৌচাকের সিদ্বেশ্বরী কালী মন্দির এলাকায়। তার বাড়ি কুষ্টিয়ায়।
গত জানুয়ারি পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভে কর্মরত ছিলেন তিনি। চলতি মাসেই নতুন একটি কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল তার।
দ্য রিপোর্টের চিফ রিপোর্টার গোলাম রব্বানী বলেন, অভিশ্রুতি শাস্ত্রী ও আমাদের আরেক সাবেক সহকর্মী তুষার হাওলাদারসহ ৩ জন ওই ভবনের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিলেন। মূলত তুষারের নতুন চাকরি পাওয়া উপলক্ষে এ আয়োজন ছিল।
তিনি বলেন, তুষারের লাশ পাওয়া গেলেও অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছিল না। পরে আমি বার্ন ইউনিটে ওর লাশ শনাক্ত করি। অভিশ্রুতির পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইডেন কলেজে যোগাযোগ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।