POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মালবাহী মিশুক উল্টে ব্যবসায়ীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪ | সময়: ৬:৪২ অপরাহ্ণ
হাজীগঞ্জে মালবাহী মিশুক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে মো. মিজানুর রহমান (৪৫) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুর-অলিপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। মিজান ইউনিয়নের অলিপুর গ্রামের মীরের বাড়ির মরহুম মোস্তফা কামালের ছেলে।
স্থানীয়রা জানান, মিজানুর রহমান নিজ এলাকায় মুদি ব্যবসা করেন। আজ দুপুরে তিনি হাজীগঞ্জ বাজার হতে মালামাল ক্রয় করে মিশুকযোগে দোকানে ফিরছিলেন। পথে নিজ গ্রামের পাথুরিয়া বাড়ির সামনে আসলে কৈয়ারপুর-অলিপুর সড়ক থেকে মিশুকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।
এ সময় মিশুকসহ মালামালের নিচে চাপা পড়েন মিজানুর রহমান এবং সড়কের নিচে থাকা পরিত্যক্ত বাঁশ ও ঝোঁপ-ঝাড়ের মধ্যে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষনিক স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মৃতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা বলেন, হাসপাতালে আনার পূর্বেই মিজানুর রহমান মারা গেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন