চাঁদপুরের আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে যেতে হলো ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারকে।
বৃহস্পতিবার জেলা বিচারিক আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে একটি চাঁদাবাজির মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে, এ মামলায় বাকিদের জামিন প্রদান করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের জনৈক আলমগীর হোসেন বাদী হয়ে চাঁদপুর জুডিশিয়াল আদালতে (সিআর মামলা নং ৪৪০/২৩) দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান মাস্টার ও ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়।
পিবিআইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া জানান, অভিযোগে জানা যায় মামলার বাদী আলমগীর হোসেনের স্ত্রীকে বেআইনিভাবে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই।
মামলার বাদী আলমগীর হোসেন জানান, পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বৃহস্পতিবার আদালত মামলাটির শুনানির দিন ধার্য করে। শুনানি শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠায়।
ওই চেয়ারম্যনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির কথা জানিয়েছে নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা। সম্প্রতি ওই চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করায় একই ইউনিয়ন ইউপি সচিব ইমাম হোসেনকে মারধরের ঘটনাও ঘটে। যে ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল।
E/N