POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ককটেল নিক্ষেপে ২ নৌকা কর্মী আহত

সুমন আহমেদ | প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩ | সময়: ৯:২৬ অপরাহ্ণ
মতলব উত্তরে নৌকা প্রতিকের পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ছুড়া ককটেল বিস্ফোরণে ২ জন নৌকার কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ষাটনল ইউনিয়নের সুগন্ধি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মজনু দেওয়ানের ছেলে মো. রুবেল দেওয়ান (২৮) ও নিজাম উদ্দিন দেওয়ানের ছেলে শাকিল দেওয়ান (৩২)। তাদের উভয়ের বাড়ী মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে দ্রুত ছেংগারচর মুন মেডিকেল সেন্টারে নিয়ে যান দলীয় নেতাকর্মীরা।
আহতদের মধ্যে রুবেল দেওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আহত রুবেল দেওয়ান বলেন, আমরা নৌকার প্রার্থীর পোষ্টার লাগাচ্ছি। এসময় হঠাৎ হামলা করেন ষাটনল ইউনিয়নের সুগন্ধি গ্রামের হিরা, প্রান্ত ও  সাদ্দাম।
তারা সকলে ঈগলের সমর্থক ইশফাক আহসানের একনিষ্ঠ কর্মী। তারা ককটেল বোমা বিস্ফোরণ ঘটান। এতে আমরা দুই জন আহত হয়েছি। এ বিষয়ে মতলব থানার পরিদর্শক তদন্ত মো. সানোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে লাল টেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ককটেল সদৃশ বস্তুগুলো ককটেল কিনা তা পরীক্ষা করা হবে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বোমা ফাটানোর কারণে এলাকায় চরম আতংক বিরাজ করছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন ঘটনা আসলে কিসের আলামত বহন করছে জনমনে প্রশ্ন বিদ্ধ হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
H/A
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন