হাজীগঞ্জে স্বামীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজনে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়নের পিরোজপুর মোহাব্বতপুর গ্রামের গাজী বাড়ীতে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাগেছে, গাজী বাড়ীর মৃত মিজানুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম স্বামীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করেন। কিন্তু এতে বাঁধা হয়ে দাঁড়ায় মৃত মিজানুর রহমানের আপন বোন শাহানারা বেগম। যাতে কেউ মিলাদে অংশ নিতে না পারে সে জন্য বাড়ির প্রবেশপথে টিন ও বাঁশ দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
প্রবেশপথে প্রতিবন্ধকতার বিষয়টি জানতে চাইলে শাহানারা বেগম দেশীয় অস্ত্র উঁচিয়ে তেড়ে এসে বলেন এর আগেও জেল খেটেছি। আমার ভাই মারা যাওয়ার পর খোঁজ খবর নেয় নি আর এখন আসছে মিলাদ পড়াতে। আমরা রাস্তা বন্ধ করেছি কারন আমাদেরকে সমাজ থেকে বের করে দেয়া হয়েছে, এখন এই বাড়িতে কেউ ডুকতে পারবে না।
ভুক্তভোগী মিজানুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর জোরপূর্বক স্বামীর সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে। তাদের দেয়া বিভিন্ন অপবাদ নির্যাতনের মাত্রা সইতে না পেরে আমি ও আমার তিন বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ীতে থাকতে হচ্ছে।
আমার স্বামী মারা গেছে এক বছর হয়েছে। তাই তার মৃত্যু বার্ষিকী পালন করতে স্বামীর গৃহে এসেছি। আজকে আমার ভাইদের সহযোগিতা নিয়ে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করেছি। কিন্তু যাতে কেউ আসতে না পারে সে জন্য আমার ননস শাহানারা বেগম বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সকল আয়োজন সম্পন্ন হওয়ার পরেও কেউ আসতে পারি নি। এতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
এমন অপ্রত্যাশিত ঘটনায় স্থানীয়দের সুবিচার প্রত্যাশা করেন তিনি।
মুঠোফোনে কথা হয় ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়ার সাথে। তিনি বলেন, এরা কাউকেই মানে না। তাদের সাথে কথা বললেও কাউকেই তারা মূল্যায়ন করে না।
এদিকে ইউপি সদস্য আক্তার হোসেন মুঠোফোনে বলেন, তারা খুবই খারাপ তাদের’কে এলাকার মানুষ বয়কট করেছে। তারা কাউকেই মূল্যায়ন করে না। একই অভিযোগ তোলেন স্থানীয়রা।