POPULAR BD NEWS
Popular BD News Logo

জোট ঘোষণার আগেই আ.লীগের কাছে ১১ আসনের চাহিদা দেয় কল্যাণ পার্টি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩ | সময়: ৬:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) ও বাংলাদেশ জাতীয় পার্টি নিয়ে ‘যুক্তফ্রন্ট’ গঠন করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি।  বুধবার এ ফ্রন্টের আত্মপ্রকাশ হয়। এই জোট গঠনের ঘোষণার দুই দিন আগেই আওয়ামী লীগের কাছে ১১টি সংসদীয় আসন চেয়ে চাহিদাপত্র দেয় কল্যাণ পার্টি।

১৯ নভেম্বর রাজধানী ঢাকার একটি অভিজাত ক্লাবে আওয়ামী লীগের দ্বায়িত্বশীল দুই নেতার সঙ্গে বৈঠক করে আসনের চাহিদার ওই তালিকা দেয় দলটি।

 সূত্রের মাধ্যমে ১১ জনের তালিকার একটি কপি পাওয়া গেছে। যাতে ইংরেজিতে ‘ইবরাহিম’ লেখা একটি স্বাক্ষর আছে। সময় উল্লেখ করা হয়েছে, ১৯ নভেম্বর ২০২৩, বিকেল সোয়া চারটা।
 তালিকায় দলটির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) পছন্দের তিনটি আসনের কথা জানিয়েছেন। আসনগুলো হলো চট্টগ্রাম-৫ (হাটহাজারী), কক্সবাজার-১ (চকরিয়া) এবং ঢাকা-১০ (ক্যান্টনম্যান্ট, গুলশান)। এর মধ্যে যেকোনো একটি আসনে নির্বাচন করতে চান কল্যাণ পার্টির চেয়ারম্যান।এ ছাড়া তালিকায় আছেন আব্দুল আউয়াল মামুন।

তিনি কক্সবাজার-১ অথবা ঢাকা-৪ আসনের প্রার্থীতা চান। আব্দুল্লাহ আল হাসান সাকিব চেয়েছেন ঢাকা-৪ অথবা ঢাকা-৫ আসন।তালিকা অনুযায়ী, আসন চেয়েছেন মো. ফরহাদ (লক্ষ্মীপুর-২), ওবায়দুল হক সিরাজি (ফেনী-১), বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস (চট্টগ্রাম-৯), জাহিদুর রহমান (মুন্সিগঞ্জ-১), শাহানা সুলতানা শীলা (রাজশাহী-৬), সাহিদুর রহমান তামান্না (কুমিল্লা-৬), নজরুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৪) ও মফিজউদ্দিন (কুমিল্লা-৮)।

ঢাকা-৪ ও ৫ নম্বর আসনে প্রার্থী হতে চাওয়া কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব তালিকার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি তালিকা দেওয়া হয়েছে।

আমরা আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী।’বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘যুক্তফ্রন্ট’ গঠনের কথা জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ইবরাহিম। আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে যুক্তফ্রন্টের।

সূত্র; কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন