ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি (বাণিজ্যিক) ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর ছাড়েন তিনি।
স্থানীয় সময় বেলা দেড়টার দিকে তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হবে।
সফরকালে প্রধানমন্ত্রী মহানবীর রওজা মোবারক জিয়ারত করবেন। ৬ নভেম্বর সকালে ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। সন্ধ্যায় যোগ দেবেন সম্মেলনে।
ওআইসি মহাসচিব, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ছাড়বেন তিনি।
মৌরিতানিয়ায় ২০২৩ সালের মার্চ মাসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৯তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয় এবং ওআইসির সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানায়।
মুসলিম উম্মাহর পণ্ডিতদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করাই এই সম্মেলনের লক্ষ্য।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট