POPULAR BD NEWS
Popular BD News Logo

শেখ রাসেলের ছোট্ট জীবন আমাদের জন্য অনেক শিক্ষণীয়: চাঁবিপ্রবি উপাচার্য

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ | সময়: ১২:১৫ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ছোট্ট জীবন সকলের জন্য অনেক শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকীতে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

 

উপাচার্য বলেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল শেখ রাসেল। তার জীবন ছিল মাত্র ১০ বছর ৯ মাস ২৭ দিনের। কিন্তু তার এই স্বল্প জীবনই দেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে শেখ রাসেল এক মানবিক সত্তায় পরিণত হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে উপাচার্য বলেন, শেখ রাসেল খুব চাপা স্বভাবের ছিল। সহজে নিজের কিছু বলত না। তার চোখে যখন পানি, চোখে পানি কেন জানতে চাইলে বলত, চোখে যেন কী পড়েছে। ওইটুকু ছোট বাচ্চা, নিজের মনের ব্যথাটা পর্যন্ত কীভাবে লুকিয়ে রাখতে হয় শিখেছিল।

 

তিনি আরও বলেন, বন্ধুবৎসল শেখ রাসেলের অন্তরে গরিবদের জন্য ছিল দরদ, মমতা। যখন সে জাতির পিতার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে যেত তখন গ্রামের ছেলেদের জন্য জামা নিয়ে যেত। সেগুলো তাদের উপহার হিসেবে দিত। আজ শেখ রাসেল বেঁচে থাকলে দেশ পেত একজন জনদরদি মানুষ।

 

প্রফেসর ড. মো. নাছিম আখতার বলেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার করে যে ঘাতক চক্র, ১১ বছরের শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাসেলকেও রেহাই দেয়নি তারা। সেদিন তার মর্মান্তিক বিদায় ঘটলেও তার ছোট্ট জীবন আমাদের জন্য অনেক শিক্ষণীয়। তাই আমাদের শিশুরা বেড়ে উঠুক শেখ রাসেলে অনুপ্রেরণায়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন