POPULAR BD NEWS
Popular BD News Logo

চার দিনের রিমান্ডে বিএনপি নেতা এ্যানি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ

নাশকতার মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ অক্টোবর) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ মে রাজধানীর সায়েন্সল্যাবে বিএনপির প্রায় ১০/১৫ হাজার নেতাকর্মী পদযাত্রা শেষে গণপরিবহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি শুরু করেন। এ সময় বাধা দিলে পুলিশের ওপরেও হামলা করা হয়। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করে।

 

এর আগে, মঙ্গলবার রাত ৩টার দিকে বিএনপি নেতা এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন দলের সদস্যরা।

 

পরে বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল গণমাধ্যমকে জানান, বিএনপি নেতা এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।

 

এদিকে বিএনপি নেতা এ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক এ্যানিকে ডাকাতের মতো ধরে নিয়ে গেছে। এতেই প্রমাণ হয় যে সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন