চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাস ফেরত এক যুবককে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ সার্কেল অফিস সংলগ্ন একটি ভাড়া বাসা এমরান হোসেন (৪০) নামের ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসা এমরানকে মৃত বলে জানান।
নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল বাসারের ছেলে। সে সৌদি আরব প্রবাসী। ২ মাসে আগে ছুটিতে বাড়িতে আসে।
স্ত্রী ফারজানা বেগম জানান, তাদের নিকটআত্মীয় আশেক এলাহী বাবু বাসায় ঢুকে আমার স্বামীর সাথে হট্টগোল করে। একপর্যায়ে আমার স্বামীর গলাকেটে পালিয়ে যায়।
এদিকে এমরানের বাবা আবুল বাসার জানান, এমরানের স্ত্রী ফারজানার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় পরকীয়ার অভিযােগে বিচার হয়েছিল। আমার ছেলেকে পরকীয়ার জেরেই খুন করা হয়েছে।
বোন রিনা বেগম বলেন, তার ভাই পরকীয়ার বলি হয়েছেন। তার সুষ্ঠু বিচার চান তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জিসান আহমেদ জানান, হঠাৎ ডাক চিৎকার শুনে দৌড়ে এসে দেখি পুরাে ফ্লরে রক্তে ভরে আছে। পরে অন্যান্যদের সহযোগিতায় তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, হাসপাতাল থেকে এমরানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।