অবৈধ ভাবে চায়না রিং জাল দিয়ে দেশীয় প্রজাতির মৎস্য নিধনের দায়ে কচুয়ায় শতাধিক রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকার অধিক।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বাংলাবাজার, কান্দিরপাড়, চারটভাঙ্গা ও প্রসন্নকাপ বিলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসানের তত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লক্ষ টাকার রিং জাল জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত জাল মৎস্য সংরক্ষণ আইনে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ইউপি সদস্য মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ইবনে আল জায়েদ হোসেন বলেন, এসব জাল দিয়ে মাছ ধরার কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। তাই সরকার এই জাল নিষিদ্ধ করছেন। এসব জাল ব্যবহার না করার জন্য জনগন কে অনুরোধ করেন। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে নিষিদ্ধ রিং জালের ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।