হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নেয়ামত উল্লাহ্ বেপারির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে পুড়ে গেছে তাঁর স্বপ্নগুলো।
সোমবার দুপুরে ইউনিয়নের আড়ুলি বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় নেয়ামত উল্লাহ্ বেপারীর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে নেয়ামত উল্লাহ্ বেপারীর বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুড়ে যায় পুরো বসতঘর। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এ ঘটনায় আহত হয় স্থানীয় রুহুল আমিন, ওসমান, আলেয়া, ওয়াসকুরুনি, নূর হোসেন’সহ পাঁচ জন আহত হয়। পরে তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সড়কের বেহাল দশার কারনে ভিতরে প্রবেশ করতে পারেনি।
ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।